ধর্ষণ মামলায় মহিলা মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা সদর উপজেলায় ধর্ষণ মামলায় একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাসান আলীকে (৬৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার হাসান আলী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ির মোড় এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত মাদ্রাসা পরিচালক গত প্রায় ছয় মাস ধরে ভুক্তভোগীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ভুক্তভোগী তার বাবা-মাকে জানালে তারা অভিযুক্তকে ফোন করেন। তখন তিনি মৌখিকভাবে ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে হাসান আলী ভুক্তভোগীকে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে যাওয়ার পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে হত্যা ও মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা বাবা-মাকে বিষয়টি জানান ভুক্তভোগী। ৩১ আগস্ট তারা গাইবান্ধায় এসে মেয়ের কাছ থেকে ঘটনা শোনেন। পরে ১ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর বাবা।
মামলার পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান অভিযুক্ত হাসান আলী। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১৩-এর সিপিসি-৩ (গাইবান্ধা ক্যাম্পের) একটি আভিযানিক দল পলাশবাড়ী থানার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে শ্যামলী ট্রাভেলসের বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায় বলেন, এসআরবি ধর্ষণ মামলার আসামি হাসান আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন